ইরানের ক্ষেপণাস্ত্রে উড়ে গেল মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্র
- আপডেটঃ ০৮:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ৭৯১ বার পঠিত
ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আজ মঙ্গলবার (১৭ জুন) ইরানি বার্তা সংস্থা তাসনিম ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন এই হামলার দাবি করেছে। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সেন্টারে এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক সেন্টারের ভবনে আঘাত হেনেছে।
এ নিয়ে সরাসরি কিছু জানানো হয়নি ইসরায়েলের পক্ষ থেকে। তবে তারা বলছে, হার্জলিয়া এলাকায় স্পর্শকাতর কিছু জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলা সামরিক স্থাপণায় হয়েছে বলে নিশ্চিত না করলেও তারা বলছে, এ ধরনের জায়গা প্রভাবিত হয়েছে।
এ সংক্রান্ত বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে। তাতে দাবি করা হচ্ছে, ইসরায়েলি জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। ভিডিওতে দেখা যায়, ধোয়া উড়ছে একটি ভবনের চারপাশে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে মধ্যপ্রাচ্যে পাঠানোর চিন্তা করছেন তিনি। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আলাপ করবেন তারা। এয়ার ফোর্স ওয়ানে এসব মন্তব্য করেন ট্রাম্প।










