প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- আপডেটঃ ০১:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৮২৪ বার পঠিত
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের ওপর জল কামান, দুই রাউন্ড সাউন্ড গ্ৰেনেড এবং মৃদু লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
আজ রোববার (২২ জুন) রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এদিন বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাঁদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। এরপর ১১টা ২৩ মিনিটে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
অবস্থান নেওয়াদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তাঁরা।










