আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা
- আপডেটঃ ০২:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৮১৭ বার পঠিত
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ মঙ্গলবার (২৪ জুন) এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। পাশাপাশি বিচারকাজ সরাসরি সম্প্রচার করবেন ট্রাইব্যুনাল।
এই মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে গ্রেপ্তার পুলিশ সদস্য সাত আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।
এর আগে, গত ২৫ মে এই মামলার শুনানীর দিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় এবং ২৪ জুন শুনানীর দিন নির্ধারণ করেন।
জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার, সাভার সার্কেল মো. শাহিদুল ইসলাম ও ডিবি’র সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বলা হয়ছে, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর, লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিলো তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।










