গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-আগুন, পুলিশ আহত
- আপডেটঃ ০৪:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৮০৬ বার পঠিত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান। হামলায় জড়িতদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে তথ্য দিতে পারেননি তিনি।
ওসি জানান, হামলা ও ভাঙচুরের সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জুলাই পদযাত্রা করার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে উত্তেজনার মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।










