রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ
- আপডেটঃ ১২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৭৭৭ বার পঠিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। এতে দিয়াবাড়ী গোলচত্বরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টা থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘বিচার চাই বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এই আন্দোলন সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক হবে, তবে অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে অবিচল ও আপসহীন। ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এই স্লোগানকে সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছে।
শিক্ষার্থীদের উত্থাপিত ৬টি দাবি হলোঃ
- দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
- আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
- ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
- নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
- বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
- বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা কেবল বিবৃতি বা দুঃখপ্রকাশ নয়, বরং দায়ীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের প্রতি যথাযথ সম্মান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে চান।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়। এসময় দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে উদভ্রান্ত মা-বাবা ও স্বজনদের কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে। সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৭১ জন আহত হয়েছেন।










