সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী পাল্টাপাল্টি ধাওয়া
- আপডেটঃ ০৫:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৭৭৬ বার পঠিত
সচিবালয়ের সামনের রাস্তায় নূর হোসেন চত্বরের পাশে (জিপিও চত্বরে) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন।
বিক্ষোভের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনের সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন।
অন্যদিকে, রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে রওনা হন। শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন।










