নিজে থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই: শিক্ষা উপদেষ্টা
- আপডেটঃ ০৫:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৭৬৩ বার পঠিত
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরাব বলেছেন, সরকার যদি মনে করেন আমার কাজে ব্যত্যয় ঘটেছে। আমাকে যেতে বললে আমি চলে যাব। সেখানে আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।
এসময় তিনি আরো বলেন, প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে।
এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গত সোমবার (২১ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান।
অন্যদিকে গতকাল মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান।
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মঙ্গলবার রাত পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর।










