স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
- আপডেটঃ ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৭৯২ বার পঠিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। ওনাকে বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেই হবে।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভায় এ কথা বলেন তিনি।
এসময় স্বাস্থ্য উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।
এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা নিজেই সিঙ্গাপুর চিকিৎসা নেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করতে হবে।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শেখ হাসিনার আমলে বিমান খাতে অনিয়ম–দুর্নীতির তদন্ত করতে হবে। আগের সরকারের মতো এই সরকারও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটওয়ারী বলেন, ‘চাঁদপুরে বালু খেকোদের ছাড় দেওয়া হবে না। কোনো সন্ত্রাস, চাঁদাবাজের ঠাঁই হবে না।’
এর আগে চাঁদপুর শহরের সার্কিট হাউজে জুলাই শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির নেতারা।
এসময় উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ সন্তানদের হত্যার বিচার এখনও দৃশ্যমান হয়নি। এই সরকার জুলাই সনদ, হত্যার বিচার ও সংস্কার কার্যক্রম শেষ করতে হবে।’
সারজিস আলম আরও বলেন, ‘শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের বিচার না করে অন্য কিছু চিন্তা না করার জোর দাবি জানাচ্ছি।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ আবারও চাঁদপুর থেকে মাসব্যাপী পদযাত্রা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় শহীদ পরিবারের সদস্যরা নাছির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও শেখ হাসিনার বিচার চান তারা।
পরে সার্কিট হাউস থেকে চাঁদপুর বাসস্ট্যান্ডের এই পদযাত্রার নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটওয়ারী। এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোকর্যালি বের করা হয়।
পরে দুপুর ২টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন এবং বেলা ৩টায় শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হয় এনসিপির চাঁদপুরের কর্মসূচি।










