ঐকমত্য কমিশনের সংলাপ থেকে বিএনপির ওয়াকআউট
- আপডেটঃ ০১:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৭৯৪ বার পঠিত
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনের শুরুতে চারটি সংস্থার নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। সেই আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি।
সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়ে সাময়িক সময়ের জন্য বিএনপি ওয়াকআউট করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দীন আহমদ বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল, কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে। তবে, জনগণের স্বার্থে আমরা নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি সংবিধানে যুক্ত করার বিষয়ে একমত হয়েছি। আমরা কিছু সময় পর আবারও যুক্ত হতে পারি। সে ক্ষেত্রে আগের বক্তব্যই বলব। সব বিষয়ে ঐক্যমত্য হবে এমন কোনো কথা নেই। ভিন্ন মত থাকবেই।’
এর কিছুক্ষণ পর আবার সংলাপে যোগ দেয় বিএনপির প্রতিনিধি দল।
এরআগে, সকলের সহযোগিতায় আগামী দু–তিন দিনের মধ্যে সকল অনিস্পত্তি বিষয়গুলো, নিষ্পত্তি করে জনগণের সামনে জাতীয় সনদ পেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বৈঠকে সূচনা বক্তব্য তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো।
আলী রীয়াজ আশা প্রকাশ করেন, সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করা প্রকাশ করা হবে।










