ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৩৯৪
- আপডেটঃ ০৭:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৭৮৩ বার পঠিত
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৮ জনের মৃত্যু হলো। এ সময়ের মধ্যে নতুন করে ৩৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর হাসপাতালে ভর্তি হন ১৯ হাজার ৯২৩ জন।
আজ সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাইয়ে এখন পর্যন্ত ৯ হাজার ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৬ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৮ জন, বাকি ৯১০ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে-তে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে-তে তিন জন এবং জুনে ১৯ জন মারা গেছেন।










