সারাদিন ঢাকার আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা
- আপডেটঃ ০১:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৭৮৭ বার পঠিত
ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথমার্ধে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এতে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, সোমবার রাতে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।










