আ.লীগের নৃশংসতা ১৯৭১ সালের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে: আসিফ নজরুল
- আপডেটঃ ০৫:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৮১৭ বার পঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা পাকিস্তানের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। আমরা ১৯৭১ সালেও দেখিনি মৃতদেহ পুড়িয়ে ফেলার দৃশ্য। কিন্তু জুলাইয়ে সে কাজ করে দেখিয়েছে আওয়ামী শাসনামল।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা করা, নিরস্ত্র মানুষকে গুলি চালানো—এগুলো অবশ্যই ২৫ মার্চ কালরাতে ঘটেছে। এটি এক ভয়াবহ ঘটনা ছিল। তবে ওই সময়কার অপরাধগুলো করেছিল অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর। ১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার ‘পারসপেক্টিভ আলাদা’।
তিনি বলেন, ১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলার কোনো ফুটেজ আমি দেখিনি। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, ২০২৪-এর জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে। এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন।
তিনি বলেন, এমনভাবে বিচারের সাক্ষ্য-প্রমাণ রেখে যাওয়া হবে, ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। আর আমি বিশ্বাস করি না, ভবিষ্যতে বিএনপি-জামায়াত যারাই ক্ষমতায় আসুক, তারা বিচারে শৈথিল্য বা গাফিলতি দেখাবে। তারা সবাই নির্যাতিত মানুষ।










