সারাদিন মেঘলা থাকবে ঢাকার আকাশ, ৭ বিভাগে ঝড়ের আভাস
- আপডেটঃ ০১:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৮০৩ বার পঠিত
সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রাজধানী ঢাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সাথেই সারাদিনই ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে, সন্ধ্যা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।










