জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
- আপডেটঃ ০১:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৭৮২ বার পঠিত
জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন ও স্থায়ী বিধান যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই সংসদ নামক একটি সংগঠন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ও গন্তব্যমুখী মানুষ।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচলয়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি।
সরেজমিনে শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধা অবস্থান করছেন। পাশেই অবস্থান করছেন পুলিশ সদস্যরা।
জুলাই যোদ্ধারা জানান, জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন। জুলাই সনদ তাঁদের দাবি নয়, এটি তাঁদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, শাহবাগ মোড় হয়ে যাতায়াত করা একাধিক ব্যক্তি জানান, হঠাৎ শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন তাঁরা। আগে থেকে অবরোধের কথা জানা থাকলে তাঁরা বিকল্প সড়ক ব্যবহার করতেন।
মোটরসাইকেল চালক রহমান মিয়া বলেন, ‘আমি উত্তরা থেকে এসেছি। ভেবেছিলাম শাহবাগ মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বংশাল যাব। এখন এসে দেখি রাস্তা বন্ধ। এখন অবস্থা, মোটরসাইকেল ঘুরিয়েও যেতে পারছি না।’










