শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেটঃ ০৪:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৭৭৮ বার পঠিত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদক।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ বিষয়ে বলেন, তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন।
তিনি জানান, সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক আগামী ১১ আগস্ট দিন ঠিক করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে।










