প্রথম শহীদআবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরু
- আপডেটঃ ০৩:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৮১২ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (০৬ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এ ছাড়া এ হত্যা মামলার পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আজ সকালে গ্রেপ্তার সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ৩০ জুলাই ট্রাইব্যুনাল-২–এ অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের টানা তিন দিনের শুনানি শেষ হয়। সেদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিন ঘোষণা করেন।
মামলায় মোট আসামি ৩০ জন। তাদের মধ্যে ২৪ জনই পলাতক। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।















