সাংবাদিক তুহিন হত্যায় মূল অভিযুক্তসহ ৭ জন গ্রেফতার
- আপডেটঃ ০২:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৭৮৭ বার পঠিত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (০৮ আগস্ট) রাতে ও আজ শনিবার (০৯ আগস্ট) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ শনিবার (০৯ আগস্ট) দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ; তারা বাসন থানায় রয়েছেন।
এর আগে, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে।
তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।










