প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ
- আপডেটঃ ০৩:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৭৯৫ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ও বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন সারাদেশ থেকে আসা হাজারো এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।
আজ বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত অবস্থান নেন শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকর করার ঘোষণা দেয়া হয়। বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এই কারণে জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।










