তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- আপডেটঃ ০২:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৭৭৪ বার পঠিত
কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম জানান, কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাত ও ঢলের কারণে পানি বেড়েছে। ইতোমধ্যে চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিস্তার পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার খগাগড়িবাড়ী, খালিশা চাপানি,পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী,গড়াবাাড়ী, ও জলঢাকার গোলমুন্ডা, শেলৈমারী ও কৈইমারী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এসব এলাকার মানুষজন বন্যার আশঙ্কা করছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
পূর্ব ছাতনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘সবচেয়ে বড় চর গ্রাম ঝাড়সিংশ্বরসহ কয়েকটি চর এলাকায় বন্যার পানি ঢুকে গেছে। ফসলি জমি তলিয়ে গেছে। পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হচ্ছে।
তিস্তার পানি বৃদ্ধির প্রভাব পড়েছে লালমনিরহাটের হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলাতেও। নদীবেষ্টিত চর ও চরের গ্রামগুলোতে হাঁটুসমান পানি ঢুকে পড়েছে। অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে সরে যাচ্ছেন।’
ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘গত মঙ্গলবার (১২ আগস্ট) সারাদিন পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবার (১৩ জুলাই) সকাল থেকে সারা দিন ৪ ,৫ ,৬,৭ সেন্টিমিটার পর্যন্ত তিস্তার পানি প্রবাহিত হয়। তবে মধ্যরাতে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। উজানের পানি আরও বাড়তে থাকায় আমরা সব স্লুইসগেট খুলে দিয়েছি।’










