১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদন করায় শাকিব-জয়াদের প্রতীকী জুতাপেটা
- আপডেটঃ ০৭:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৭৮১ বার পঠিত
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় দেশের কয়েকজন তারকাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ (সাংস্কৃতিক স্বৈরাচার) আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন তারা। আয়োজকরা এটিকে ‘মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে’ প্রতিবাদ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচির একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন’ লেখা রয়েছে।
এই তালিকায় ৩০ জন সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গের নাম রয়েছে। তারা হলেন কণ্ঠশিল্পি লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, শাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন প্রমুখ।
আয়োজকদের একজন আব্দুল ওয়াহেদ জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।










